ধেয়ে আসছে মহাদুর্যোগ! মঙ্গলবার থেকে শুক্র কাঁপবে দুই বঙ্গ, জারি ভারী বৃষ্টির সতর্কবার্তা

ভাদ্র বিদায় নিলেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর। আশ্বিনের সূচনাতেই রাজ্যে ফের দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহেই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। ২২ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যজুড়ে পরিস্থিতি প্রতিকূল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে এবং মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে।
আমেরিকান ওয়েদার মডেল (GFS) এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিত দিলেও, ভারতীয় মৌসম ভবন (IMD) আপাতত এটিকে শক্তিশালী নিম্নচাপ হিসেবেই পর্যবেক্ষণ করছে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে তার নাম হবে ‘অর্ণব’ (নামকরণ করেছে বাংলাদেশ)। সমুদ্র উত্তাল থাকায় ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে এবং ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে কোন জেলায় কী সতর্কতা? দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- মঙ্গল ও বুধবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার জন্য ‘কমলা সতর্কতা’ রয়েছে।
- বৃহস্পতিবার ও শুক্রবার: বৃষ্টির বিস্তার আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া
- কলকাতা: তিলোত্তমায় মঙ্গল ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
- উত্তরবঙ্গ: বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়া বিগড়াবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।