কেরালা জুড়ে প্রকৃতির তাণ্ডব! হড়পা বান ও পাহাড়ি ধসে মৃত অন্তত ৫, নিখোঁজ বহু

কেরালা জুড়ে প্রকৃতির তাণ্ডব! হড়পা বান ও পাহাড়ি ধসে মৃত অন্তত ৫, নিখোঁজ বহু

কেরালা: রবিবার ছুটির আমেজ নিমেষেই বদলে গেল হাহাকারে। কেরালায় আচমকা পাহাড়ি ধস ও নদীর হড়পা বানে অন্তত ৫ জনের করুণ মৃত্যু হয়েছে। এখনও অনেকেই নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই বিপর্যয়টি ঘটেছে ইডুক্কি জেলার কোট্টাকাম্বুর এবং মালাপ্পুরম জেলার নীলাম্বুর এলাকায়।

ছুটির দিনে নদীতে আচমকা তাণ্ডব রবিবার বিকেলে মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে হঠাৎই নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করে। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত অংশটি অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট হওয়ায় ছুটির দিনে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। স্থানীয় এলাকায় তেমন বৃষ্টি না হলেও, উজানের জঙ্গলে প্রবল বৃষ্টির কারণে মুহূর্তের মধ্যে নেমে আসে হড়পা বান। কিছু বুঝে ওঠার আগেই জলের তোড়ে ভেসে যান অন্তত ৯ জন।

নদীতে জীবনের যুদ্ধ ও অলৌকিক উদ্ধার হঠাৎ এমন ঘটনা দেখে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দা এবং ‘মহম্মদ সুহাইল মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স কমিটি’-র সদস্যরা দ্রুত তৎপর হয়ে উদ্ধারকাজে নামেন। নদীর মাঝে পাথর ও গাছের ডাল আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করা প্রায় ২৭ জনকে অলৌকিকভাবে উদ্ধার করেন তাঁরা। পরবর্তীতে নদী থেকে তিন জনের দেহ উদ্ধার করা হয়, যার মধ্যে মাঙ্গাডান আনাস (২৭) নামের এক যুবক রয়েছেন। বাকি দু’জনের পরিচয় এখনও মেলেনি।

ধসে চাপা পড়লেন দুই কৃষক অন্যদিকে, বিকেল ৩টে নাগাদ ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রসুনের ক্ষেতে কাজ করার সময় বৃষ্টি থেকে বাঁচতে বালাকৃষ্ণন (৪০) ও চিন্না (৩৬) নামের দুই কৃষক একটি টিনের শেডের নীচে আশ্রয় নেন। দুর্ভাগ্যবশত, মুহূর্তের মধ্যে সেখানে ধস নেমে শেডটি মাটি চাপা পড়ে। ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বালাকৃষ্ণনের স্ত্রী মারিয়াম্মা।

বর্তমানে দুর্গম এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *