সরকারি হাসপাতালে মধ্যরাতে এসি ব্লাস্ট! আগুনে ঝলসে ২ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

তেলঙ্গানার আদিলাবাদ সরকারি হাসপাতালের ‘স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট’ (SNCU)-এ ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। সোমবার গভীর রাতে হাসপাতালের শিশু বিভাগে আচমকা বিকট শব্দে একটি এয়ার কন্ডিশনার (AC) বিস্ফোরিত হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন ও ঘন কালো ধোঁয়া। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দুই সদ্যোজাত। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও দুই শিশু, যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কীভাবে ঘটল দুর্ঘটনা? হাসপাতাল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় ওই বিশেষ শিশু বিভাগে মোট ২৭টি শিশু ভর্তি ছিল। আচমকা এসি বিস্ফোরণের পর পুরো ওয়ার্ড ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এবং চারপাশে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের পরিচালক জয় সিং ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানালার কাচ ভেঙে শিশুদের বের করার চেষ্টা চালান। পরবর্তীতে দমকল বাহিনীর তৎপরতায় আগুন ওয়ার্ডের বাইরে ছড়াতে পারেনি।
প্রশাসনের তড়িঘড়ি পদক্ষেপ: ঘটনার খবর পেয়েই জেলা কালেক্টর রাজারশি শাহ এবং এসপি অখিল মহাজন দ্রুত হাসপাতালে পৌঁছান এবং উদ্ধারকাজ তদারকি করেন। উদ্ধার করা ২৩টি শিশুকে তৎক্ষণাৎ সুরক্ষার স্বার্থে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় কীভাবে এসি বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।