মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলা, এবার তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল NIA!

মালদহ: মোথাবাড়িতে বিচারকদের আটকে রেখে হেনস্থা ও তাঁদের কনভয়ে হামলার ঘটনায় এবার সরাসরি সুজাপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সমন পাঠাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। আগামী ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কলকাতার এনআইএ কার্যালয়ে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি।
ইতিপূর্বে এই একই ঘটনায় সাবিনা ইয়াসমিনের স্বামী মেহবুব আলমের নাম জড়ায় এবং গত অগস্ট মাসে তিনি এনআইএ কার্যালয়ে গিয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। স্বামীর পর এবার সরাসরি বিধায়ক নিজেই এনআইএ-র সমন পাওয়ায় মালদহের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মোথাবাড়ির এই হিংসাত্মক ঘটনায় মোট ১২টি পৃথক মামলা রজু হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করা হয়েছে। প্রথম ৫৪ পাতার চার্জশিটে ২২ জন এবং দ্বিতীয় ১১ পাতার চার্জশিটে ১ জন— সর্বমোট ২৩ জন অভিযুক্তের নাম উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় (BNS) খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীকে মারধর ও বেআইনিভাবে আটকে রাখার মতো একাধিক জামিনঅযোগ্য ও গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পেছনের ইতিহাস: চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, এপ্রিল মাসে মালদহের কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসে এসআইআর (SIR) প্রক্রিয়ার কাজ চলছিল। সেই সময় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার অভিযোগে ব্লক অফিসে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা বিডিও অফিসের ভেতরে দায়িত্বরত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখে এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিয়ে মহিলা বিচারকসহ অন্যান্য কর্মকর্তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে আক্রমণ চালানো হয় এবং চরম হেনস্থা করা হয় বলে অভিযোগ।