অন ডিউটি সরকারি আধিকারিককে হেনস্থা! ১৪ দিনের পুলিশ হেফাজতে বিতর্কিত ইউটিউবার

মেদিনীপুর: অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে দাদাগিরি ও গালাগাল দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন সোশ্যাল মিডিয়ার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’ ওরফে কার্তিক মাহাতো। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। মঙ্গলবার ধৃত ইউটিউবারকে মেদিনীপুর সিজিএম আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
কী ঘটেছিল সে রাতে? শালবনির বিডিও স্বর্ণাভ হালদার জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিট নাগাদ দুই সরকারি সহকর্মীকে সঙ্গে নিয়ে তিনি বড়সিজুয়া এলাকায় একটি সরকারি কাজে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় মাঝরাস্তায় তাঁদের গাড়ি আটকায় চার যুবক। গাড়ি থামিয়ে কাঁচ খোলার চেষ্টা ও দরজায় লাথি মারা শুরু হয়।
কারণ জানতে চাইলে অভিযুক্তরা দাবি করে, বিডিও-র গাড়ি “চেকিং” করা হবে। পুরো বিষয়টিতে পেছন থেকে মূল উস্কানি ও নির্দেশ দিচ্ছিলেন শালবনির রঞ্জা এলাকার বাসিন্দা ইউটিউবার কার্তিক মাহাতো। বিডিও ও সঙ্গে থাকা আধিকারিকরা নিজেদের সরকারি পরিচয় দেওয়ার পরও চরম হুমকি ও গালাগাল দেওয়া হয় বলে অভিযোগ।
আইনি পদক্ষেপ ও আদালত: ঘটনার পর বিডিও-র লিখিত অভিযোগের ভিত্তিতে শালবনি থানার পুলিশ তদন্তে নেমে কার্তিক মাহাতোকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১২৬(২), ১৩২, ৩৫১(২) এবং ৩/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর তদন্তকারী অফিসারকে (IO) কেস ডায়েরিসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রতিনিধি ও বিধায়কদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন এই ‘তারকাটা টিঙ্কু’। এবার সরকারি কাজে বাধা ও আধিকারিককে হেনস্থার দায়ে সোজা যেতে হলো শ্রীঘরে।