পুলিশের সামনেই চুলোচুলি! বিজেপির চরম গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র সবং

পুলিশের সামনেই চুলোচুলি! বিজেপির চরম গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র সবং

খড়্গপুর: বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ঘিরে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। পুরনো গোলমালের জেরে থানায় লিখিত অভিযোগ জানানোকে কেন্দ্র করে মঙ্গলবার ফের রণক্ষেত্রের রূপ নিল বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের নোনা মাধবচক গ্রাম। খোদ পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষের মহিলারা জড়ালেন তুমুল চুলোচুলিতে!

ঘটনার সূত্রপাত: গত শনিবার লাঙলকাটাতে বিজেপির দুই গোষ্ঠীর বিবাদে গুরুতর আহত হন স্থানীয় বিজেপি নেতা দিবাকর সামন্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। এই ঘটনায় দিবাকরবাবুর স্ত্রী সুমিত্রা সামন্ত প্রতিপক্ষ গোষ্ঠীর চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কেন এই গোলমাল? মঙ্গলবার সকালে দিবাকরবাবুর ছেলে মৃত্যুঞ্জয় বাবাকে দেখতে কলকাতা রওনা দেওয়ার সময় প্রতিপক্ষ গোষ্ঠী তাঁর পথ আটকায়। ‘কেন পুলিশে অভিযোগ জানানো হয়েছে’— তা নিয়ে বচসা শুরু হতেই পরিস্থিতি মুহূর্তে হাতাহাতিতে পৌঁছে যায়।

পুলিশের সামনেই তুমুল মারামারি: গণ্ডগোলের খবর পেয়ে দু’পক্ষের মহিলারা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাশের ক্যাম্প থেকে পুলিশকর্মীরা ছুটে এলেও পরিস্থিতি সামাল দিতে নাচার হয়ে পড়েন, কারণ সেই ক্যাম্পে কোনো মহিলা পুলিশকর্মী ছিলেন না। পুরুষ পুলিশকর্মীরা কেবল দাঁড়িয়ে ঝগড়া থামানোর আবেদন জানাতে থাকেন। শেষ পর্যন্ত পাড়ার অন্য মহিলারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *