‘কম বয়সেই কতটা গুরুত্ব পেয়েছি বুঝতেই পারছেন!’, পুরুলিয়ার সভা ঘিরে শুভেন্দু-অজিতকে কড়া জবাব জয়রামের

‘কম বয়সেই কতটা গুরুত্ব পেয়েছি বুঝতেই পারছেন!’, পুরুলিয়ার সভা ঘিরে শুভেন্দু-অজিতকে কড়া জবাব জয়রামের

পুরুলিয়া: সম্প্রতি পুরুলিয়ার কড়াডি ময়দানে আয়োজিত আদিবাসী কুড়মি সমাজের ‘করম পর্বতিয়া মহা জুড়ুআহির’ সমাবেশকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের রাজনীতিতে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। ওই মঞ্চ থেকে নাম না করে ঝাড়খণ্ডের বিতর্কিত রাজনৈতিক মুখ তথা জেএলকেএম বিধায়ক জয়রাম মাহাতোকে তীব্র আক্রমণ করেন সংগঠনের মূল মানতা অজিত মাহাতো এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই তোপের মুখে দাঁড়িয়ে কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ‘টাইগার’ খ্যাত জয়রাম।

‘কম বয়সে কতটা গুরুত্ব পেয়েছি, বুঝতেই পারছেন!’ মঙ্গলবার ঝাড়খণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে জয়রাম মাহাতো বলেন, “ওই সমাবেশে আমাকে নিয়ে চর্চা হয়েছে মানে আপনারা বুঝে নিন, এই কম বয়সে আমি কতটা গুরুত্ব অর্জন করেছি। খুব জলদিই এর উচিত জবাব দেব।” তিনি আরও যোগ করেন, “বাংলার নেতারা আমার বিষয়ে ঠিক কী বলেছেন, তা আগে গুরুত্ব দিয়ে শুনব। তারপর সিদ্ধান্ত নেব, আমি তাঁদের কী জবাব দেব।”

বিতর্কের মূল কারণ কী? পুরুলিয়ার জনসভায় অজিত মাহাতো ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছিলেন, ঝাড়খণ্ডের কিছু নেতা অপপ্রচার চালাচ্ছেন যে এই সমাবেশ বিজেপির টাকায় হচ্ছে। উপস্থিত ভিড়ের উদ্দেশ্যে অজিত প্রশ্ন করেন, সাধারণ মানুষ নিজেদের গরু, ছাগল ও ধান বিক্রি করে স্বাভিমানের টানে এখানে এসেছেন কি না। অজিতের এই বক্তব্যকে সমর্থন জানিয়ে শুভেন্দু অধিকারীও জনতাকে প্রশ্ন করেন, তারা নিজেদের খরচে এসেছেন কি না। উপস্থিত বিশাল জনতা হাততালি দিয়ে তাঁর কথা সমর্থন জানায়।

উত্তপ্ত মানভূমের রাজনৈতিক সমীকরণ বিগত কয়েক মাস ধরেই কুড়মি জাতিসত্তার আন্দোলনকে কেন্দ্র করে অজিত মাহাতো ও জয়রাম মাহাতোর মধ্যকার রাজনৈতিক সমীকরণ অত্যন্ত তিক্ত। ঝাড়খণ্ড ও পুরুলিয়া সীমান্ত জুড়ে দুই নেতার এই বাকযুদ্ধ এখন আঞ্চলিক রাজনীতিকে আরও সরগরম করে তুলেছে। জয়রামের এই নতুন হুঁশিয়ারির পর সংঘাত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *