হঠাৎ কোথায় উধাও? ছাব্বিশের হারে রাজনীতি ছাড়লেন ‘খেলা হবে’-র দেবাংশু!

হঠাৎ কোথায় উধাও? ছাব্বিশের হারে রাজনীতি ছাড়লেন ‘খেলা হবে’-র দেবাংশু!

একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ গান দিয়ে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। রাতারাতি শাসকদলের যুব মুখ হিসেবে লাইমলাইটে এসেছিলেন তিনি। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নিজের পরাজয়ের পর থেকেই যেন হঠাৎ ‘উধাও’ এই যুব নেতা!

টেলিভিশন টক শো কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায়—কোথাও এখন আর দেবাংশুর দেখা নেই। হঠাৎ কেন এভাবে অন্তরালে চলে গেলেন তিনি? রাজনীতি থেকেই কি তবে দূরত্ব তৈরি করছেন? দীর্ঘ নীরবতার পর অবশেষে সে প্রশ্নের উত্তর দিলেন দেবাংশু নিজেই।

পরাজয়ের পরেই বদলাল চিত্রপট ২০২৪-এর লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর, এবারের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস তাঁকে চুঁচুড়া আসন থেকে প্রার্থী করেছিল। কিন্তু এবারও জয়ের মুখ দেখতে পাননি তিনি, পাশাপশি রাজ্যেও দল ক্ষমতা ধরে রাখতে পারেনি। নির্বাচনের ফল প্রকাশের পরেই কার্যত জনসমক্ষ থেকে নিখোঁজ হয়ে যান এই তৃণমূল নেতা।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করলে দেবাংশু জানান, তিনি একদম সুস্থ আছেন।

রাজনীতি ছেড়ে এখন কী করছেন দেবাংশু? বর্তমানে কীভাবে কাটছে জীবন? উত্তরে দেবাংশু জানান, তিনি এখন সব বিতর্ক ও চর্চা থেকে দূরে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। তাঁর কথায়, “সবকিছু থেকে দূরে আছি। বাবা-মায়ের যত্ন নিচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি। সামনেই বোনের বিয়ে, তাই নিয়ে ব্যস্ততা রয়েছে।”

তিনি আরও জানান, গত সাত-আট বছর রাজনীতির ব্যস্ততায় নিজের এবং পরিবারের জন্য একদম সময় বের করতে পারেননি। এতদিন যে দায়িত্বগুলো বাদ পড়ে গিয়েছিল, এখন সন্তান হিসেবে সেগুলোই তিনি পূরণ করছেন।

সোশ্যাল মিডিয়া ও রাজ্য রাজনীতি থেকে শতযোজন দূরে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা সোশ্যাল মিডিয়ার তরজা—কোনো কিছু নিয়েই আর মাথা ঘামাতে রাজি নন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়া ব্যবহারও প্রায় ছেড়ে দিয়েছেন বললেই চলে। রাজনীতি সংক্রান্ত খবরে চোখ রাখা কমিয়ে এখন একেবারেই নিজের ব্যক্তিগত জীবন ও দায়িত্ব পালনেই মন দিয়েছেন একসময়ের এই দাপুটে যুব নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *