অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি থেকে বিনামূল্যে বিদ্যুৎ! ICDS কেন্দ্রগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি থেকে বিনামূল্যে বিদ্যুৎ! ICDS কেন্দ্রগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে আইসিডিএস (ICDS) কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং কর্মীদের কল্যাণে একাধিক বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার জলহাটিতে আয়োজিত ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠান থেকে এই বিষয়ে একাধিক নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিনামূল্যে বিদ্যুৎ ও পাঁচ লাখের স্বাস্থ্যবীমা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি কর্মী ‘দিদি’দের ‘আয়ুষ্মান ভারত’ যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রতি বছর তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন তাঁরা। একই সঙ্গে গত আগস্ট মাস থেকে কর্মীদের ৫,০০০ টাকা অতিরিক্ত বর্ধিত বেতন কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি।

খাবারের বরাদ্দ বৃদ্ধি ও নিজস্ব ভবন শিশুদের পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টির ওপর জোর দিয়ে কেন্দ্রগুলিতে খাবারের বরাদ্দ যথাক্রমে ৮ টাকা ও ১৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে রাজ্যের প্রায় ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে। এগুলিকে খুব দ্রুত নিজস্ব সরকারি ভবনে স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে রাজ্য।

এদিনের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত ছিলেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করে নীতিন নবীন বলেন, “অঙ্গনওয়াড়ি কর্মীরাই শিশুদের জীবনের প্রথম গুরু, তাঁদের হাত ধরেই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *