নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের মুখে? ঐতিহাসিক চুক্তি আইনে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের মুখে? ঐতিহাসিক চুক্তি আইনে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ডিজিটাল দুনিয়ায় নাবালকদের লাগামহীন সোশ্যাল মিডিয়া ব্যবহারে বড়সড় ধাক্কা দিতে পারে সুপ্রিম কোর্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাবালকদের অ্যাকাউন্ট খোলা ও আইনি শর্তাবলী মেনে নেওয়া নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

একটি বিশেষ জনস্বার্থ মামলার (PIL) শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানান, ১৮ বছরের কম বয়সি বা নাবালকরা আইনিভাবে কোনও চুক্তিতে আবদ্ধ হতে পারে না।

আইনের চোখে বেআইনি ‘ডিজিটাল চুক্তি’: শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট’-এর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের চুক্তি আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী কোনও নাবালকের সঙ্গে সই করা চুক্তি শুরু থেকেই বেআইনি ও বাতিল (void ab initio) বলে গণ্য হয়। তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলতে গিয়ে যে ‘টার্মস অফ সার্ভিস’ বা শর্তাবলী একজন নাবালক এক ক্লিকে মেনে নেয়, তা আইনের চোখে সম্পূর্ণ অবৈধ।

সুপ্রিম কোর্টের এই পর্যালোচনার সঙ্গে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সম্পূর্ণ একমত প্রকাশ করেন এবং জানান যে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে। আদালত স্পষ্ট করে দিয়েছে, বয়সসীমার এই বিষয়টি যেন কেবল নির্দেশিকা হিসেবে না থেকে বাধ্যবাধকতামূলক আইনি নিয়মে পরিণত হয়।

কেন এই আইনি লড়াই? ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’ নামক একটি এনজিওর দায়ের করা এই মামলায় দাবি করা হয়, বর্তমানে কেবল একটি জন্মতারিখ দিয়ে ১৩ বছর বা তার বেশি বয়সি শিশুরা অনায়াসে অ্যাকাউন্ট খুলে ফেলছে। এর ফলে তারা সাইবার বুলিং, অনলাইন গ্রুমিং, ব্ল্যাকমেইল এবং যৌন শোষণের মতো মারাত্মক বিপদের মুখে পড়ছে।

মামলাকারীদের মূল ২টি দাবি:

  • অভিভাবকের সম্মতি (Parental Consent): ১৮ বছরের কম বয়সিদের ক্ষেত্রে পিতা-মাতা বা আইনি অভিভাবকের সরাসরি অনুমতি বাধ্যতামূলক করতে হবে।
  • ডিজিটাল ফায়ারওয়াল (Automated Technical Firewalls): অভিভাবকের সম্মতি ছাড়া যাতে কোনও শিশু সোশ্যাল মিডিয়ায় প্রবেশ বা অ্যাকাউন্ট খুলতে না পারে, তার জন্য প্ল্যাটফর্মগুলিতে স্বয়ংক্রিয় কারিগরি বাধা বা ‘ফায়ারওয়াল’ বসাতে হবে।

সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানের পর এখন দেখার, কেন্দ্র সরকার কীভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য ১৮ বছরের এই নিয়মকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *