সোশ্যাল মিডিয়ায় আর নাবালকদের অ্যাকাউন্ট নয়! বদলে যাচ্ছে নিয়ম, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় আর নাবালকদের অ্যাকাউন্ট নয়! বদলে যাচ্ছে নিয়ম, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১৮ বছর বয়স না হলে আর খোলা যাবে না কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সুপ্রিম কোর্টে চলা একটি মামলার শুনানিতে কেন্দ্রের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

কেন এই কড়া সিদ্ধান্ত? সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকান্তের বেঞ্চে শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দেশে ‘ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট’-এর নিয়ম অনুযায়ী ১৮ বছরের কম বয়সিরা নাবালক। আইনিভাবে তাদের কোনও চুক্তি করার অধিকার নেই। যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী ও সংস্থার মধ্যে একটি আইনি চুক্তি হয়, তাই নাবালকদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট খুলতে দেওয়া অনুচিত। তথ্যপ্রযুক্তি আইনে (Intermediary Guidelines) প্রয়োজনীয় বদল এনে এই নিষেধাজ্ঞা চালু করতে চাইছে কেন্দ্র।

বিকল্প ব্যবস্থা কী থাকছে? তবে শিক্ষামূলক বা জরুরি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে ছাড় থাকবে। অভিভাবকদের স্পষ্ট অনুমতি এবং বয়স যাচাইকরণের (Age Verification) পর প্রযুক্তিগত সুরক্ষাবলয় পেরিয়েই এমন অ্যাকাউন্ট খোলা যাবে।

সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ: ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’ নামক একটি অলাভজনক সংস্থার জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই শুনানি চলছে। আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী এইচ এস ফুলকা আদালতে জানান, বর্তমানে মাত্র ১৩ বছর বয়সেই শিশুরা অ্যাকাউন্ট খুলে ফেলছে। এর ফলে তারা অনলাইন গ্রুমিং, সাইবার বুলিং, সেক্সটর্শন ও যৌন শোষণের মতো মারাত্মক বিপদের মুখে পড়ছে।

কেন্দ্র সরকারের এই পদক্ষেপে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বড় ধরনের আমূল পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *