১ জন বাদে সবাই ‘গায়েব’! ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ রাহুলের

দিল্লিতে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে তৈরি হলো চরম রাজনৈতিক বিতর্ক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র মারাত্মক অভিযোগ তুলেছেন।
দিল্লির প্রাচীন বসতি এলাকা চাঁদনি চকের বেলা এস্টেটের একটি বুথে সম্প্রতি বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া সম্পন্ন হয়। আগে যেখানে ওই বুথে ৭২৮ জন নথিভুক্ত ভোটার ছিলেন, সংশোধিত তালিকায় তা কমে দাঁড়িয়েছে মাত্র ১-এ! অর্থাৎ, রাতারাতি গায়েব হয়ে গেছে ৭২৭ জন স্থায়ী বাসিন্দার নাম।
‘ইটিভি ভারত’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই নজিরবিহীন অনিয়মের তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। রিপোর্টে আরও জানা যায়, দিল্লির মঙ্গলপুরী এলাকায় কান্তা প্রসাদ নামের এক জীবিত ব্যক্তিকেও কমিশনের খাতায় ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, কয়েক দশক ধরে বসবাসকারী নাগরিকদের নাম সুকৌশলে ছেঁটে ফেলে তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটার তালিকায় এই ধরণের বেনিয়মকে সরাসরি ‘পরিকল্পিত ভোট চুরি’ বলে দাগিয়ে দিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় নিশানা করেছেন তিনি।