‘গ্ল্যামার নয়, কঠিন সত্যি!’ বউকে ডেটে নিয়ে যাওয়া নিয়ে রাজ কুন্দ্রার আসল কথা প্রকাশ্যে
বলিউড তারকার সঙ্গে সংসার— বাইরে থেকে দেখে রূপকথার রূপোলি দুনিয়া বলেই মনে হয়। গ্ল্যামার, ডিজাইনার পোশাক, বিলাসিতা আর দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর আমেজ। কিন্তু এই ঝলমলে আলোর নেপথ্যে লুকিয়ে থাকা বাস্তবটা যে কতটা কঠিন, তা এবার অকপটে জানালেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
সম্প্রতি এক পডকাস্টে শিল্পার সঙ্গে তাঁর ১৬ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন রাজ। বিয়ের আগে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে নিজেরও যে এক রঙিন ধারণা ছিল, তা হাসিমুখেই স্বীকার করেন তিনি।
‘নিজের বউকে ডেটে নিয়ে যেতেও অ্যাপয়েন্টমেন্ট!’ রাজ কুন্দ্রা জানান, ‘ভেবেছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রির বিয়ে মানেই চরম আয়েসি আর গ্ল্যামারাস জীবন। কিন্তু বিয়ের পর বুঝলাম ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকে না। অবস্থা এমন যে, নিজের স্ত্রীকে একদিন ডিনারে বা ডেটে নিয়ে যাওয়ার জন্যও তাঁর পিএ (PA)-কে ফোন করে সময় চাইতে হয়!’
তিনি জানান, এক সঙ্গে সামান্য ছুটির দিন কাটানো কিংবা উইকেন্ডের কোনো প্ল্যান—সবকিছুই আগে থেকে শুটিং, ট্রাভেল আর ব্র্যন্ড কমিটমেন্টের ক্যালেন্ডার দেখে মেলাতে হয়।
ঝলমলে পর্দার নেপথ্যে হাড়ভাঙা পরিশ্রম রেড কার্পেটে তারকাদের যে পারফেক্ট লুক দেখা যায়, তার পেছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা হাড়ভাঙা পরিশ্রম। রাজ মনে করিয়ে দেন, বিশেষ করে অভিনেত্রীদের জীবন মোটেও সহজ নয়। ভোরে ঘুম থেকে উঠে ঘণ্টার পর ঘণ্টা হেয়ার-মেকআপের পেছনে কাটানো, ডায়ালগ মুখস্থ করা এবং সারাদিন হাসিমুখে শয়ে শয়ে মানুষের সঙ্গে কাজ করা অত্যন্ত কঠিন।
কাজের এত চাপ থাকা সত্ত্বেও শিল্পা যেভাবে নিজের কাজকে ভালোবেসে সামলান, সে কথা উল্লেখ করে রাজ বলেন, ‘জীবনটা বাইরে থেকে যতটা গ্ল্যামারাস লাগে, ভেতরে ততটাই কঠিন। তবে শিল্পা নিজের কাজ ভীষণ ভালোবাসে, ওর কাছে এটা একটা sweet pain (মিষ্টি যন্ত্রণা)।’