ভিত্তিহীন জনস্বার্থ মামলা! কঠোর পদক্ষেপের পথে হেঁটে বড় জরিমানা হাইকোর্টের – এক ঝলক

একঝলক ডেস্ক:
তথ্য ছাড়াই একের পর এক জনস্বার্থ মামলা দায়েরের প্রবণতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই হুঁশিয়ারি বাস্তবে রূপ নিলো। আক্রোশবশত বা ব্যক্তিগত স্বার্থে সাধারণ মামলাকে ‘জনস্বার্থ’ হিসেবে উপস্থাপন করার অভিযোগে এক মামলাকারীকে আর্থিক জরিমানার নির্দেশ দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট বার্তা, সঠিক তথ্য ও প্রামাণ্য দলিল ছাড়া জনস্বার্থ মামলা দায়েরের নামে বিচারব্যবস্থার সময় নষ্ট করলে কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
সম্প্রতি এক মামলার শুনানিতে দাবি করা হয়েছিল, ব্যক্তিগত জমি থাকা সত্ত্বেও এক মহিলাকে সরকারি জমির পাট্টা দেওয়া হয়েছে। কিন্তু আদালতের কড়া প্রশ্নের মুখে ওই অভিযোগের সপক্ষে কোনো তথ্য বা প্রমাণ পেশ করতে পারেননি মামলাকারী। উল্টে তথ্যে প্রকাশ পায় যে, অভিযুক্ত মহিলার সঙ্গে মামলাকারীর দীর্ঘদিনের জমি সংক্রান্ত ব্যক্তিগত বিবাদ রয়েছে। এই অসত্য ও ব্যক্তিগত আক্রোশমূলক মামলা সামনে আসতেই প্রথমে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য হয়। পরবর্তীতে আইনজীবীর বিশেষ অনুরোধে তা কমিয়ে ২৫ হাজার টাকা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মামলায় সওয়াল করার ক্ষেত্রে আইনজীবীদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আদালত।