ফের আমেরিকায় আক্রান্ত হিন্দু মন্দির! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ও এফবিআই

ফের আমেরিকায় আক্রান্ত হিন্দু মন্দির! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ও এফবিআই

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটল। এবার দুষ্কৃতীদের নিশানায় ওহায়োর (Ohio) রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভড়তাল ধাম হিন্দু মন্দির। নবরাত্রির ঠিক আগেই এই হামলায় প্রবাসী ভারতীয় এবং হিন্দু আমেরিকানদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আচমকাই ওই মন্দিরে ইট ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। ‘কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকা’ (CoHNA) জানিয়েছে, হামলার সময় মন্দিরের ভেতরে পুরোহিত ও ভক্তরা উপস্থিত ছিলেন। ইটের আঘাতে মন্দিরের বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনার কড়া নিন্দা করেছে মার্কিন স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ (HAF)। এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে তারা জানিয়েছে, “হিন্দু আমেরিকান সম্প্রদায়ের ওপর যেভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে, তা আগে কখনও দেখা যায়নি। এটি সম্পূর্ণ একটি বিদ্বেষমূলক অপরাধ বা হেট ক্রাইম।” ইতিমধ্যে স্থানীয় পুলিশ ও এফবিআই (FBI)-এর হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

রিচমন্ড হাইটসের মেয়র কিম থমাস এবং স্থানীয় পুলিশের কাছে দ্রুত কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে হিন্দু সংগঠনগুলি। তাৎপর্যপূর্ণভাবে, অক্টোবর মাস জুড়ে আমেরিকায় ‘হিন্দু হেরিটেজ মান্থ’ পালিত হয়। আর সেই মাসেই এমন হামলা প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে নিউ ইয়র্কের কুইন্স ও মেলভিল এবং ক্যালিফোর্নিয়ার নেওয়ার্ক, স্যাক্রামেন্টো ও চিনো হিলসের একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর এবং বিদ্বেষমূলক গ্রাফিতি আঁকার মতো ঘটনা ঘটেছে। ক্রমাগত বাড়তে থাকা এই হিন্দু-বিদ্বেষ নিয়ে এবার কড়া প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছে আমেরিকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *