‘একজনও বঞ্চিত হবেন না’, কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার বাকি টাকা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যবাসীর জন্য একের পর এক কল্পতরু প্রকল্প নিয়ে এসেছে বর্তমান সরকার। বিশেষ করে মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। জুন মাসে এই যোজনা শুরু হওয়ার পর থেকেই চলছে ভেরিফিকেশনের কাজ। যারা আবেদন করেছেন অথচ এখনও টাকা পাননি, পুজোর মুখে তাঁদের জন্য বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রায় ৫ মাস অতিক্রান্ত। ইতিমধ্যেই বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে চালু হতে চলেছে ‘যুবশক্তি’ প্রকল্পও। তবে সবার নজর এখন অন্নপূর্ণা যোজনার দিকে।
ভেরিফিকেশন নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী? সদ্য একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের পথে। রাজ্যে ইতিমধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন। শুধু নন্দীগ্রামেই সুবিধাভোগীর সংখ্যা ৭০ হাজার ৩০০ জন। তিনি আবেদনকারীদের আশ্বস্ত করে বলেন, “বাকি যারা যোগ্য আছেন তাদেরও অর্থ দিয়ে দেওয়া হবে। একজনকেও আমরা বঞ্চিত করব না।”
এর আগে বর্ধমান সফরে গিয়েও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেখানকার ১৫টি বিধানসভা মিলিয়ে মোট ৯ লক্ষ ৫২ হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন। অর্থাৎ, প্রতিটি বিধানসভা এলাকা থেকে গড়ে ৬৫-৭০ হাজার ‘দিদি-বোন’ এই প্রকল্পের আওতায় এসেছেন।
লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ: পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সঙ্গে তুলনা টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার মাত্র ৫০০ টাকা দিতে ৯ মাস সময় লাগিয়েছিল। আর আমাদের তো ৫ মাসও হয়নি, তার মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে টাকা দিয়েছি।” পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন, প্রকল্পের বাকি যোগ্য প্রাপকরা আগামী মাসের মধ্যেই নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।
সব মিলিয়ে, উৎসবের মরশুমের আগে অন্নপূর্ণা যোজনার এই ঘোষণায় রাজ্যের মহিলাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।