‘ডিজিটাল গ্রেপ্তারি’র ফাঁদে পদ্মভূষণপ্রাপ্ত শিল্পপতি! ৭ কোটি টাকার কাণ্ডে কলকাতায় গ্রেফতার ‘মূল হ্যান্ডলার’ – এক ঝলক

‘ডিজিটাল গ্রেপ্তারি’র ফাঁদে পদ্মভূষণপ্রাপ্ত শিল্পপতি! ৭ কোটি টাকার কাণ্ডে কলকাতায় গ্রেফতার ‘মূল হ্যান্ডলার’ – এক ঝলক

একঝলক ডেস্ক:

ফোন লাইনে ভুয়ো সিবিআই কর্মকর্তা সেজে লুধিয়ানার পদ্মভূষণপ্রাপ্ত প্রখ্যাত শিল্পপতি এসপি ওসওয়ালকে ‘ডিজিটাল গ্রেপ্তারির’ ব্ল্যাকমেল করে সাত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলকাতা থেকে সোহেল আখতার ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, এই আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের অন্যতম প্রধান ‘হ্যান্ডলার’ ছিলেন সোহেল, যিনি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ ও অনলাইন লেনদেন পরিচালনার দায়িত্বে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কলকাতার বিশেষ আদালত থেকে ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবের জলন্ধরে নিয়ে যাওয়া হয়, যেখানে আদালত তাঁকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ইডির প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে যে, প্রতারিত বিপুল পরিমাণ টাকা দ্রুত সরিয়ে ফেলতে বিভিন্ন আর্থিক দুর্বল ব্যক্তিদের ঋণ ও চাকরির প্রলোভন দেখিয়ে খোলা ভুয়ো অ্যাকাউন্টে কিস্তিতে জমা করা হতো। পরবর্তীতে বিশেষ এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ও প্রযুক্তি ব্যবহার করে নেপাল, কম্বোডিয়া এবং ভিয়েতনামে থাকা সহযোগীদের কাছে ওটিপি পাঠিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লভ্যাংশ পাচার করা হতো। ইতিপূর্বে এই হাই-প্রোফাইল ডিজিটাল প্রতারণা মামলায় কানপুর ও গুয়াহাটি থেকে মূল অভিযুক্তদের গ্রেপ্তার সহ ১ কোটি ৭৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে ইডি আধিকারিকরা ধৃত সোহেলকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্য এবং আন্তর্জাতিক যোগাযোগের শিকড় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *