পুজোর আগেই পুলিশ কর্মীদের জন্য বড় সুখবর! একলাফে বাড়ল মাসিক রেশন ভাতা – এক ঝলক

একঝলক ডেস্ক:
উৎসবের মরশুম শুরুর আগেই রাজ্য ও কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট এবং তার নিচের পদমর্যাদার পুলিশ কর্মীরা এতদিন পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, ১ অক্টোবর থেকে এই ভাতা বাড়িয়ে সরাসরি ২,০০০ টাকা করা হয়েছে। দুর্গাপুজোর প্রাক্কালে সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অসংখ্য পুলিশ কর্মী।
অন্যদিকে, উৎসবের দিনগুলিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিখুঁত রাখতে পুলিশ কর্মীদের ছুটির ওপরও বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ছটপুজো পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। তবে একান্ত জরুরি বা আপৎকালীন পরিস্থিতির ক্ষেত্রে এই নির্দেশিকায় কিছু বিশেষ ছাড় মিলতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।