জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, রাজপথে সিব্বল-প্রশান্তও

দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনও উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর। দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি ও পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শনিবার পুনরায় রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র সংগঠন ‘আইসা’ (AISA)। বিক্ষোভকারীদের মিছিল যন্তর মন্তরের দিকে এগোতেই পুলিশের তৈরি ব্যারিকেডে বাধা পায় এবং শুরু হয় চরম ধস্তাধস্তি ও ধরপাকড়।
পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও আয়োজিত এই প্রতিবাদ মিছিলে এদিন আন্দোলনকারীদের পাশাপাশি পা মেলাতে দেখা যায় বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল ও প্রশান্ত ভূষণকেও। পুলিশ মাঝপথে মিছিল আটকে দিলে অনেকেই রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান। উল্লেখ্য, শুক্রবার থেকেই আপ, কংগ্রেস ও বামপন্থীরা একই দাবিতে আন্দোলন শুরু করেছিল। সেই সময় সিপিএম নেত্রী বৃন্দা কারাট, আপ নেত্রী আতিশী মারলেনা, যোগেন্দ্র যাদবদের মতো একাধিক শীর্ষ নেতৃত্বকেও আটক করে পুলিশ।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে উদ্বেগ প্রকাশ করে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইসা। অন্যদিকে, ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আবার ‘দিল্লি চলো’-র ডাক দিয়ে জানিয়েছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে সারা দেশ থেকে তাঁদের কর্মীরা দিল্লিতে এসে যন্তর মন্তরে বড়সড় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।