গান্ধীজয়ন্তীর পরেই বড় কর্মসূচি! দেশের বিক্ষোভকারীদের একমঞ্চে আনতে রাহুলের ‘ডিজিটাল সত্যাগ্রহ’ – এক ঝলক

একঝলক ডেস্ক:
দেশজুড়ে ছড়িয়ে থাকা বিক্ষিপ্ত গণআন্দোলনগুলোকে এক ছাতার তলায় এনে কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে চাপে ফেলার নতুন কৌশল নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গান্ধী জয়ন্তীর আবহেই তিনি চালু করেছেন ‘সত্যাগ্রহ’ নামের একটি বিশেষ ওয়েবসাইট। রাহুল গান্ধীর মূল লক্ষ্য হলো— প্রচারের আড়ালে থাকা নানা স্তরের আন্দোলনকারীদের এক মঞ্চে সংগঠিত করা। ‘সংঘর্ষ জোড়ো-ভারত জোড়ো’ ভাবনায় তৈরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে জল-জমি-জঙ্গল, নারী অধিকার, অনগ্রসর শ্রেণির দাবি কিংবা শিক্ষা ব্যবস্থার অনিয়মের মতো নানা সামাজিক ইস্যু তুলে ধরা হবে। সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন এখানে সরাসরি তাদের আন্দোলনের তথ্য আদান-প্রদান করতে পারবে।
রাজনৈতিক মহলের মতে, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে গড়ে ওঠা জনঅসন্তোষকে একত্রিত করে বিরোধীদের শক্তি বৃদ্ধি করতে চাইছেন বিরোধী দলনেতা। চালু হওয়া ওয়েবসাইটটির আত্মপ্রকাশ উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী জানান, দেশে সত্যকে দমন করার চেষ্টা চলছে এবং অবদমিত মানুষের স্বর তুলে ধরাই বিরোধী দলনেতা হিসেবে তাঁর মূল কর্তব্য। তিনি সকল আন্দোলনকারীকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আলাদাভাবে লড়লে আন্দোলন দুর্বল হয়ে পড়ে, কিন্তু সত্যের পাশে সবাই একসঙ্গে দাঁড়ালেই সেই লড়াই শক্তিশালী রূপ নেয়। সংগৃহীত এসব গণদাবি পরবর্তীতে সংসদ ও সংবাদমাধ্যমে তুলে ধরে সরকারকে পূর্ণাঙ্গ চাপে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁর।
The post গান্ধীজয়ন্তীর পরেই বড় কর্মসূচি! দেশের বিক্ষোভকারীদের একমঞ্চে আনতে রাহুলের ‘ডিজিটাল সত্যাগ্রহ’ appeared first on এবেলা.