এক ইস্তফাতেই টলমল বিজেপির তক্ত! কেরলে হাতছাড়া হচ্ছে একমাত্র পুরনিগম? – এক ঝলক

একঝলক ডেস্ক:
কেরল বিজেপিতে তীব্র অন্তর্দ্বন্দ্বের জেরে বড়সড় রাজনৈতিক সংকটের মুখ পড়েছে দল। তিরুবনন্তপুরম পুরসভার শাস্তমঙ্গলম ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রথম মহিলা আইপিএস তথা প্রাক্তন ডিজি আর শ্রীলেখা। ২০২৫ সালের পুর নির্বাচনে মেয়র পদপ্রার্থী করার শর্তে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও, জয়ের পর প্রবীণ নেতা ভি ভি রাজেশকে মেয়র করায় ক্ষুব্ধ ছিলেন তিনি। পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। শ্রীলেখা মেয়রের কাছে পদত্যাগপত্র জমা দিলেও আইন অনুযায়ী তা পুরসচিবের কাছে জমা দেওয়ার কথা, ফলে ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয় সে দিকে সবার নজর।
শ্রীলেখার এই ইস্তফায় চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির, কারণ ১০১ আসনের এই পুরনিগমে তাদের একক গরিষ্ঠতা অত্যন্ত সামান্য। নির্দলদের সমর্থনে ৫২ জন সদস্য নিয়ে বিজেপি প্রথমবার এখানে বোর্ড গঠন করলেও, সম্প্রতি দুই নির্দল কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় দলীয় শক্তি ৫০-এ নেমে এসেছিল। এখন শ্রীলেখার পদত্যাগপত্র গৃহীত হলে বিজেপির আসন সংখ্যা দাঁড়িয়ে যাবে ৪৯-এ। ফলে আসন্ন আস্থা ভোটে পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ঐতিহ্যবাহী এই একমাত্র পুরনিগমটি বিজেপির হাতছাড়া হওয়ার জোরালো আশঙ্কা তৈরি হয়েছে।