বিয়ে গোপন থেকে নতুন ক্রিয়েটরদের হেনস্তা, সোশাল মিডিয়ায় প্রীতম-জেফারকে ‘নোংরা’ বলে চরম তোপ অ্যামিউজিং রি-র – এক ঝলক

একঝলক ডেস্ক:
সোশাল মিডিয়ার পরিচিত ক্রিয়েটর দম্পতি প্রীতম ও জেফারকে ঘিরে ফের ঘনীভূত হচ্ছে বিতর্ক। গোপনে বিয়ে সরা ও বন্ধুদের সঙ্গে প্রতারণার পুরনো বিতর্কের পর এবার তাঁদের বিরুদ্ধে অন্য ক্রিয়েটরদের ফাঁসানো ও ব্যবসা নষ্ট করার চেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে। সম্প্রতি ‘অ্যামিউজিং রি’ খ্যাত রিশা বৈদ্য একটি ভিডিও প্রকাশ করে এই দম্পতিকে সরাসরি ‘নোংরা’ বলে আক্রমণ করেছেন। রিশার দাবি, এই সংক্রান্ত ভিডিও পোস্ট করার পর তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর করানো হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে প্রীতম ও জেফারের নতুন শাড়ির ব্যবসা। অন্যান্য যেসব ক্রিয়েটর সম্প্রতি একই ধরনের ব্যবসা শুরু করেছেন, তাঁদের নানারূপে হেনস্তা করার চেষ্টা চলছে বলে দাবি রিশার।
মূল অভিযোগ অনুযায়ী, অন্য ব্যবসায়ীদের শাড়ির মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে বাজার নষ্ট করছেন জেফার। শুধু তাই নয়, বিভিন্ন ভিডিওতে জেফার মন্তব্য করছেন যে ক্রেতারা প্রতারিত হচ্ছেন, যা পরোক্ষভাবে নতুন ব্যবসায়ীদের দিকেই ইঙ্গিত করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাখি নামের এক ক্রিয়েটর কমেন্ট বক্সে নিজের অসন্তোষ প্রকাশ করে জেফারদের বিরুদ্ধে সরব হয়েছেন। কম দামে শাড়ি বিক্রি করে প্রতিযোগিতা নষ্ট করার পেছনে প্রীতমদের আর্থিক প্রতিপত্তিকে মূল কারণ বলে মনে করছেন ক্ষুব্ধ ক্রিয়েটররা। একাধিক অভিযোগে নেটপাড়া উত্তাল হলেও, পুরো বিষয়টি নিয়ে প্রীতম বা জেফারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।