পরকীয়ায় জড়িয়ে রাখির রোষানলে গোবিন্দা, কোমলকে ‘পতি চোর’ বলে তোপ দাগলেন ‘ড্রামা ক্যুইন’

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের প্রেমের গুঞ্জন ঘিরে এখন উত্তাল মায়ানগরী। সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে, যার পরোক্ষ সমর্থন জানান গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাও। বিষয়টি নিয়ে কোমল পাল্টা মুখ খুলতেই তীব্র আক্রমণাত্মক রূপ ধারণ করেন ড্রামা ক্যুইন রাখি সাওয়ান্ত। সুনীতার পক্ষে দাঁড়িয়ে রাখি সোজা কাঠগড়ায় তোলেন গোবিন্দাকে এবং জানান, চার দশকের সহধর্মিনীর সঙ্গে এমন আচরণে পুরো দেশ তাঁর ওপর ক্ষুব্ধ।
এরপরই বিতর্কিত এই অভিনেত্রী সরাসরি কোমলকে লক্ষ্য করে বিষোদ্গার শুরু করেন। তিনি কোমলকে ‘ঘরভাঙানি’, ‘পতি চোর’ এবং ‘গোল্ড ডিগার’ বলে চরম কটাক্ষ করেন। রাখির সতর্কবার্তা, যে মানুষটি চল্লিশ বছর ধরে নিজের স্ত্রীর প্রতি অনুগত থাকতে পারেননি, তিনি কখনই অন্য কারও হতে পারেন না। শুধু সুযোগ নেওয়ার উদ্দেশ্যে অন্যের সংসারে আগুন না লাগাতে কোমলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাখি। বর্তমানে তারকাদের এই বাকযুদ্ধ ও পরকীয়া বিতর্ক বিনোদন জগতে জোর চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।