বিগ বসের ঘরে তুমুল কাণ্ড, সৃজলার পরিবারের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন নন্দিনীর মা!

টেলিভিশনের বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র দুর্গে রাজবীরের ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন প্রতিযোগী সৃজলা গুহর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। কাঠের ঘোড়ায় চড়ার টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগী নন্দিনী দত্ত তাঁকে নামাতে গিয়ে ধাক্কা দিলে সৃজলা গুরুতর আহত হন। এই ঘটনার পর তাঁকে টানা পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিগ বসের ঘরে ফিরে আসার পর নন্দিনী নিজের ভুল বুঝতে পেরে বারবার সৃজলার কাছে ক্ষমা চান ও অপরাধ স্বীকার করেন।
সম্প্রতি প্রতিযোগীরা পরিবারকে চিঠি লেখার সুযোগ পেলে, নন্দিনীও তাঁর মা-বাবাকে চিঠি লিখে সৃজলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার আর্জি জানান। মেয়ের সেই আর্জিতে সাড়া দিয়ে প্রকাশ্য সাক্ষাৎকারে সৃজলার পরিবারের কাছে কাতর অনুনয় জানান নন্দিনীর মা। তিনি বলেন, ঘটনার পর থেকে নন্দিনী মানসিকভাবে মোটেও ভালো নেই, তাই পারলে যেন সবাই তাঁকে ক্ষমা করে দেন। পাশাপাশি রাজবীরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মেয়ের পছন্দই তাঁদের চূড়ান্ত পছন্দ।