পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে তালিবানকে আধুনিক যুদ্ধের কৌশল শেখাবে রাশিয়া

আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে এক নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া। রাশিয়ার বৃহত্তম সামরিক মহড়া ‘সেন্টার ২০২৬’-এ অংশ নিতে মস্কো পৌঁছেছে তালিবানের একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল। মস্কোর আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের মঞ্চে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা চুক্তির পর এই পদক্ষেপে কপালে ভাঁজ পড়েছে ইসলামাবাদের। আফগান সীমান্ত হামলার জবাবে মস্কোর সহযোগিতায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে চাইছে কাবুল।
এই সামরিক মহড়ায় তালিবান প্রতিনিধিরা রাশিয়ার আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রোবোটিক যুদ্ধের কৌশল সরাসরি পর্যবেক্ষণ করছেন। সেখানে চীন, ভারত ও উত্তর কোরিয়াসহ একাধিক দেশের সামরিক প্রতিনিধিদের সাথেও তারা বৈঠক করেছেন। বিশেষজ্ঞদের মতে, তালিবানের এই আধুনিক যুদ্ধ প্রশিক্ষণ লাভ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম বিপদঘণ্টা বাজিয়ে দিয়েছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের লাগাতার বিমান হামলার প্রেক্ষাপটে রাশিয়ার এই উদ্যোগ ইসলামাবাদের কূটনীতিকদের ঘুম কাড়তে বাধ্য করেছে।