উৎসবে কি তবে হকারদের পেটে টান? বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ নয়, জাতীয় মানবাধিকার কমিশনের কড়া বার্তা

উৎসবের মরশুম শুরু হতেই রাজ্যগুলিতে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর লাগাতার উচ্ছেদ অভিযানের জেরে সতর্কতা জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্থানীয় বিক্রেতা, হকার, ফেরিওয়ালা এবং কুমোরদের জীবিকা ও মানবাধিকার সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পর্যবেক্ষণ, দুর্গাপুজো, কালীপুজো বা ছটপুজোর মতো উৎসবগুলির সঙ্গে একটি বিশাল অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে। তাই এই সময়ে তাঁদের অযথা হেনস্থা বা জীবিকা থেকে বঞ্চিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
আইনশৃঙ্খলা বা জননিরাপত্তার কারণে যদি ফুটপাথ বা রাস্তার ধারের নির্দিষ্ট কোনও জায়গা খালি করার একান্ত প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট বিক্রেতাদের জন্য উপযুক্ত বিকল্প জায়গার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কমিশন। একইসঙ্গে ভেন্ডরদের পণ্য বাজেয়াপ্ত করা, বেআইনি তোলাবাজি বা অতিরিক্ত কড়া পদক্ষেপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ‘ভোকাল ফর লোকাল’ আবেগকে গুরুত্ব দিয়ে এই নির্দেশিকা কার্যকর করতে সব রাজ্যের মুখ্যসচিবদের কড়া বার্তা পাঠিয়েছে NHRC, যা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর।