কমিশনারদের দ্বন্দ্বে নির্বাচন কমিশন কি সংকটে? সুপ্রিম কোর্টের নজিরবিহীন পর্যবেক্ষণ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি অন্য কমিশনারদের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন? এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্নে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। পাটনার বাসিন্দা রাকেশ কুমার সিংয়ের দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়েছে, কেবল সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে কোনো অন্তর্বর্তী আদেশ দেওয়া সম্ভব নয়। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সতর্ক করে দিয়েছে যে, এসআইআর বা অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তগুলো যদি সর্বসম্মতভাবে বা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া না হয়ে থাকে, তবে তা বাতিল করা যেতে পারে।
বিতর্কের সূত্রপাত ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন ঘিরে, যেখানে বলা হয়েছিল যে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী ভোটার তালিকা ও প্রযুক্তিসংক্রান্ত বহু বিষয়ে অন্তত ১৪ বার আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিলেন। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, খসড়া পর্যায়ের আলোচনা ও প্রশাসনিক মতপার্থক্য তাদের স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ এবং সব চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্ট এ বিষয়ে নিশ্চিত তথ্য ও কমিশনের আনুষ্ঠানিক জবাব চেয়ে পাঠিয়েছে। আদালত জানিয়েছে, আইন লঙ্ঘনের প্রমাণ মিললে অননুমোদিত পদক্ষেপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।