দিল্লি দাঙ্গার ১৫টি ঘৃণাভাষণ মামলা খারিজ হাই কোর্টের! বড় স্বস্তিতে রাজনৈতিক হেভিওয়েটরা

২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলার প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের ঘৃণাভাষণ সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। সোমবার বিচারপতি বিবেক চৌধুরী ও মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ দাঙ্গায় উসকানি ও এফআইআর চেয়ে দায়ের হওয়া ১৫টি মামলাই একযোগে খারিজ করে দেয়। আদালতের এই রায়ের ফলে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, প্রবেশ বর্মা থেকে শুরু করে কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং আপ ও মিম-এর একাধিক হেভিওয়েট নেতা। সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন সময়ে হওয়া ওই ভয়াবহ হিংসার ঘটনায় এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা।
উল্লেখ্য, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ ও এনআরসি বিরোধিতাকে কেন্দ্র করে মারাত্মক সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। দাবানলের মতো ছড়িয়ে পড়া সেই হিংসায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৭০০ মানুষ আহত হন। দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয়েছিল। তবে সোমবার হাই কোর্টের বেঞ্চ সবকটি আবেদন খারিজ করায় দীর্ঘদিনের এই আইনি প্রক্রিয়ায় বড়সড় স্বস্তি পেলেন অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা।