১১০৯ কোটির ব্যাঙ্ক জালিয়াতি, ইডির মেগা অভিযানে তোলপাড় কলকাতা ও ওড়িশা

হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক প্রতারণা মামলায় ফের বড়সড় পদক্ষেপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন আধিকারিকরা। মূল অভিযোগ, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় ১১০৯ কোটি টাকা ঋণ নিয়ে তা সুকৌশলে নয়ছয় করেছে। এই অর্থ বেআইনিভাবে ওড়িশা থেকে কলকাতায় সরানো হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। সেই জট খুলতেই কলকাতার বড়বাজার ও পোস্তা এলাকা সহ মোট ৯টি গুরুত্বপূর্ণ ঠিকানায় জোরকদমে হানা দিয়েছে ইডি।
তদন্তকারী সূত্রে খবর, অভিযুক্ত বিদ্যুৎ সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের ভূমিকা এখন ইডির স্ক্যানারে রয়েছে। পূর্ববর্তী সময়ে এই মামলার সূত্রে সিবিআই তল্লাশি চালালেও, ঋণের বিশাল পরিমাণ অর্থ ঠিক কোন কোন পথে নয়ছয় করা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতেই এই নতুন অভিযান। ওড়িশার মূল অফিসগুলির পাশাপাশি কলকাতার ব্যবসায়িক এলাকাতেও তল্লাশি চালিয়ে জালিয়াতির মূল চক্রটি উন্মোচনের চেষ্টা করছেন আধিকারিকরা। অপরাধের শিকড়ে পৌঁছাতে এবং আর্থিক তছরুপের সঠিক গতিপথ বের করতে তৎপর রয়েছে ইডি।