বড় ধাক্কা নির্বাচন কমিশনের! এসআইআর ও ফর্ম ৬ বিতর্ক নিয়ে কড়া নোটিস সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের একচ্ছত্র পদ্ধতি ও একনায়কসুলভ প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে বড় পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) এবং ‘ফর্ম ৬’ সংক্রান্ত মামলায় কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না হলে এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ আসতে পারে। পাশাপাশি, আইনি অনুমতি ছাড়া ‘ফর্ম ৬’-এ কোনও পরিবর্তন করা হয়েছে কি না এবং তা কার নির্দেশে হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তার জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। বাকি দুই কমিশনারের আপত্তি সত্ত্বেও একক সিদ্ধান্তে ফর্ম ৬-এ অতিরিক্ত শর্ত জুড়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই জনস্বার্থ মামলা দায়ের হয়। যদিও তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতে সরাসরি নির্দেশ দেওয়া সম্ভব নয়, তবে আইনি ব্যত্যয় প্রমাণিত হলে পুরো প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা আদালতের রয়েছে। এই আইনি লড়াইয়ের জেরে গোটা ভোট প্রক্রিয়ায় বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।