অক্টোবরেই সরকারি কর্মীদের লটারি, ১৫ তারিখে অ্যাকাউন্টে কত হাজার টাকা বেশি ঢুকছে
দুর্গাপুজোর আবহেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য জোড়া স্বস্তির খবর নিয়ে এসেছে অর্থ দফতর। আগামী ১৫ অক্টোবরের মধ্যেই রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পুরকর্মীদের পাশাপাশি পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অক্টোবর মাসের সম্পূর্ণ বেতন ও পারিশ্রমিক। কেবল আগাম বেতনই নয়, এই মাস থেকেই কার্যকর হওয়া ষষ্ঠ পে কমিশনের অধীনে ২০ শতাংশ বর্ধিত ডিএ একযোগে বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে এতদিন ১৮ শতাংশ হারে ডিএ পেলেও চলতি মাস থেকে রাজ্য সরকারি কর্মীরা মোট ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। আর যাঁরা পুরনো রোপা ২০০৯ বেতন কাঠামোর অধীনে রয়েছেন, তাঁদের ডিএ ও ডিআর বেড়ে দাঁড়াবে ২২৩ শতাংশ।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মহার্ঘ ভাতা একধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বেসিক পে বা মূল বেতনের ওপর ভিত্তি করে কর্মীদের হাতে আসা উপার্জনে বড়সড় পরিবর্তন আসবে। মূল বেসিক পে ২০,০০০ টাকা হলে এতদিন ৩,৬০০ টাকা ডিএ মিললেও এবার পাওয়া যাবে ৭,৬০০ টাকা, অর্থাৎ সরাসরি ৪,০০০ টাকা অতিরিক্ত আয় হবে। একইভাবে ৩০,০০০ টাকা মূল বেতন হলে ৬,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা মূল বেতন হলে প্রতি মাসে ৮,০০০ টাকা পর্যন্ত বর্ধিত অর্থ অ্যাকাউন্টে জমা পড়বে। পুজোর আগেই এই বিপুল পরিমাণ বর্ধিত সুবিধা কার্যকর হতে চলায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে।