“সুন্দরী-শিক্ষিত মহিলা কর্মী আনুন, নয়তো পুরনোদের ছাঁটাই!” কাটোয়ায় বিজেপি সভাপতিকে ঘিরে তুলকালাম

রবিবার রাতে কাটোয়া শহরের বিজেপি কার্যালয়ে দলের অন্দরে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। নগর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে পুরনো মহিলা কর্মীদের সরিয়ে দিয়ে ‘সুন্দরী ও শিক্ষিত’ নতুন মুখদের দলে জায়গা দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলীয় কর্মীরাই। রাত সাড়ে আটটা নাগাদ কার্যালয় ঘেরাও করে শুরু হয় তুমুল বিক্ষোভ। আন্দোলনকারী প্রবীণ মহিলা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিনের নিষ্ঠাবান কর্মীদের বঞ্চিত ও আসাম্মান করে সাম্প্রতিকাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কাটমানি চাওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে নগর সভাপতির বিরুদ্ধে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত সুমন দেবনাথ। তাঁর পাল্টা দাবি, তাঁকে হেনস্থা করে লাইমলাইটে আসতেই এই ধরনের ভিত্তিহীন চক্রান্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, এ জাতীয় ভয় দেখিয়ে তাঁকে দমানো যাবে না। এই ঘটনার জেরে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল সৃষ্টি হলেও দলের উচ্চ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।