হরদীপ পুরী বাদ, প্রার্থী তালিকায় ৮ নতুন মুখ! উত্তরপ্রদেশে বিজেপির মাস্টারস্ট্রোমে বড় চমক

উত্তরপ্রদেশে আগামী ১৬ অক্টোবরের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী তালিকায় বড় চমক দিল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। বিদায়ী সাংসদদের কাউকেই পুনরায় মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, বিএল বর্মা, অরুণ সিং ও ব্রিজ লালের মতো আট হেভিওয়েট পুরনো মুখকে একযোগে বাদ দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সম্পূর্ণ নতুন আট প্রার্থী—ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পান্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান ও শ্রুতি গঙ্গওয়ারের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে সমাজিক ভারসাম্য রক্ষা ও সাংগঠনিক দক্ষতাকে সমান প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত তালিকায় তিনজন ওবিসি (লোধি, পাল ও কুর্মি সম্প্রদায়), দু’জন তফসিলি জাতি এবং তিনজন উচ্চবর্ণের (ব্রাহ্মণ ও রাজপুত) নেতার পাশাপাশি দু’জন মহিলাকেও স্থান দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার আসন সংখ্যার নিরিখে ১০টি রাজ্যসভা আসনের মধ্যে বিজেপির আটটি এবং সমাজবাদী পার্টির দু’টিতে জয় নিশ্চিত। ভোটব্যাঙ্ক অক্ষুণ্ণ রেখে ও জাতপাতের বৈষম্য কাটিয়ে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধা পেতেই দল এই কৌশল গ্রহণ করেছে।