সালমানের হাতছাড়া হওয়া মেগাবাজেট ছবি! বনশালির ‘ইনশাল্লা’য় এবার কি তবে রণবীর-আলিয়া?

বলিউড পাড়ায় ফের গুঞ্জন শুরু হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির স্থগিত হয়ে যাওয়া মেগাবাজেট প্রজেক্ট ‘ইনশাল্লা’ নিয়ে। ২০১৯ সালে ভাইজান সালমান খানকে নিয়ে এই ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন পরিচালক। কিন্তু সৃজনশীল মতপার্থক্যের জেরে সেই প্রজেক্ট মাঝপথেই আটকে যায়। পরবর্তীতে শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হলেও নানা কারণে তা এগোয়নি। তবে হাল ছাড়েননি বনশালি। সম্প্রতি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ শেষ করার পর, এই পুরনো সিনে-স্বপ্নকে নতুন করে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছেন তিনি। আর এই ছবির প্রধান চরিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন তাঁর অত্যন্ত পছন্দের অভিনেত্রী আলিয়া ভাটকে।
শোনা যাচ্ছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছবির চিত্রনাট্যে বড়সড় পরিবর্তন আনছেন পরিচালক। আলিয়া ভাটের বিপরীতে মুখ্য অভিনেতা কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বনশালি নাকি ছবির গল্প ও চরিত্রের প্রয়োজনে সালমান বা শাহরুখের পরিবর্তে রণবীর কাপুর কিংবা অন্য কোনো কম বয়সি অভিনেতাকে কাস্ট করার কথা ভাবছেন। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে বলিপাড়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।