ভোটের মুখে দুর্গের রূপ রেজিনগরে, সাড়ে ৩ হাজার কেন্দ্রীয় বাহিনী ও ৩১৫ বুথে নজিরবিহীন নিরাপত্তা বলয়!

মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন পুরো এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। রেজিনগরের মোট ৩১৫টি বুথের (২৮২টি মূল ও ৩৩টি সহায়ক) নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৩৪ কো ম্পা নি (প্রায় সাড়ে তিন হাজার) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী। চিহ্নিত ১৯টি স্পর্শকাতর এলাকা ও ২২৯টি ক্রিটিক্যাল বুথে চলছে নিয়মিত রুট মার্চ ও এরিয়া ডমিনেশন। মহিলা ভোটারদের উৎসাহিত করতে ১৫৮ ও ১৫৯ নম্বর বুথ দুটিকে সম্পূর্ণ মহিলা পরিচালিত মডেল বুথ করা হয়েছে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যেই ৯৬টি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা নেওয়া ছাড়াও কার্যকর করা হয়েছে ৭৮টি জামিন অযোগ্য পরোয়ানা।
ইভিএম প্রস্তুতি ও সার্বিক নজরদারির কাজেও নেওয়া হয়েছে সর্বোচ্চ পদক্ষেপ। নির্বাচন পরিচালনা ও গণনার জন্য ৩৮৯টি সিইউ, ৩৯০টি বিইউ এবং ৪১৮টি ভিভিপ্যাট প্রস্তুত রাখা হয়েছে। স্ট্রংরুম থেকে বহরমপুর গার্লস কলেজের গণনাকেন্দ্র পর্যন্ত সর্বত্রই কার্যকর থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ও ২৪ ঘণ্টার সিসিটিভি পর্যবেক্ষণ, যার ভেতরের বলয়ে দায়িত্বে থাকবে কেবল কেন্দ্রীয় বাহিনী। মোট ১ লক্ষ ২২ হাজার ৬১৬ জন মহিলা এবং ৩ হাজার ২৬৪ জন বিশেষভাবে সক্ষম ভোটারের অংশগ্রহণে হতে যাওয়া এই নির্বাচনে প্রক্রিয়াগত স্বচ্ছতা বজায় রাখতে সি-ভিজিল ও অভিযোগ পোর্টালে আসা ১০০ শতাংশ অভিযোগই দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচন কমিশনের এই কঠোর নজরদারি ও প্রশাসনিক প্রস্তুতি রেজিনগরে নিখুঁত ভোটগ্রহণের বার্তা দিচ্ছে।