হাঁটুর চোটের পর এবার মারাত্মক ঘুমহীনতায় ভুগছেন অমিতাভ, কী হল বিগ বি-র

হাঁটুর চোটের পর এবার মারাত্মক ঘুমহীনতায় ভুগছেন অমিতাভ, কী হল বিগ বি-র

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সেটে পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলা আসাম্ভব হয়ে পড়ায় বসেই পর্ব শুরু করতে হয়েছিল তাঁকে। সেই আঘাতের রেশ কাটতে না কাটতেই এবার নতুন শারীরিক সমস্যায় পড়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। নিজের ব্লগে তিনি জানিয়েছেন, কাজের অতিরিক্ত চাপের কারণে রাতে পর্যাপ্ত ঘুমের সময় পাচ্ছেন না। শারীরিক ক্লান্তি কাটানো এবং শরীর মেরামতের জন্য রাতের ঘুম অত্যন্ত জরুরি হলেও ব্যস্ত শুটিং শিডিউলের কারণে তা সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

তবে এই সমস্ত শারীরিক প্রতিকূলতা ও ক্লান্তি সত্ত্বেও নিজের কাজ এবং লক্ষ্য অর্জনের তাগিদেই নিয়মিত এগিয়ে চলছেন ৮৩ বছর বয়সি এই তারকা। চোট পাওয়ার পর জয়া বচ্চনের সঙ্গে মুম্বইয়ের একটি বই প্রকাশ অনুষ্ঠানে হাসিমুখেই দেখা গিয়েছিল তাঁকে। অনুরাগীদের চিন্তা না করার আশ্বাস দিয়ে তিনি জানান, চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু ‘কেবিসি’-র টানা শুটিংয়ের ব্যস্ততা এবং ভোরে ওঠার বাধ্যবাধকতার মাঝেও শরীরকে সুস্থ রাখতে এবার দ্রুত ঘুমিয়ে পড়ার চেষ্টা করছেন বিগ বি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *