ত্রাণের আর্জি জানালে পাক কবির কবিতা পাঠান নসীরুদ্দীন! বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে বিস্ফোরক পীযূষ মিশ্র

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে বর্তমানে শোরগোল শুরু হয়েছে বলিপাড়ায়। বর্ষীয়ান অভিনেতা নসীরুদ্দীন শাহকে তীব্র কটাক্ষ করে একের পর এক বিস্ফোরক প্রশ্ন তুলেছেন অভিনেতা পীযূষ মিশ্র। ভিডিয়োয় নসীরুদ্দীনের সঙ্গে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সাক্ষাৎ থেকে শুরু করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, ফ্লাইদুবাইয়ের ইজ়রায়েলগামী বিমানের ঘটনা এবং লভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিতর্কিত পরিস্থিতি নিয়ে নসীরুদ্দীনের নীরবতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন পীযূষ।
তবে এর মধ্যেও সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতি নিয়ে পীযূষের করা একটি দাবিকে ঘিরে। তাঁর অভিযোগ, সেই সময় ঝাড়খণ্ডের মানুষের জন্য নসীরুদ্দীনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সাহায্য তো দূরের কথা, উল্টে এক পাকিস্তানি শিল্পীর কবিতা তাঁকে পাঠিয়েছিলেন প্রবীণ অভিনেতা। এখানেই থেমে থাকেননি পীযূষ, তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এখন থেকে নসীরুদ্দীনের প্রতিটি মন্তব্যেরই কড়া জবাব দেবেন তিনি। এই চাঞ্চল্যকর ভিডিয়োটি প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত নসীরুদ্দীন শাহের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।