ভুল করেও স্বীকার করতে চান না? জানুন এদের আসল মনস্তত্ত্ব!

কথাতেই আছে মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু কিছু মানুষ শত ভুল করেও তা স্বীকার করতে নারাজ। মনোবিজ্ঞানীদের মতে, এর পেছনে লুকিয়ে থাকে নানা মনস্তাত্ত্বিক কারণ। অনেকেই মনে করেন ভুল স্বীকার করলে সমাজে তাঁদের সম্মান বা বুদ্ধিমত্তা কমবে, যা এক ধরনের দুর্বলতার ভয় তৈরি করে। আবার কারও মধ্যে অতিরিক্ত অহংকার কাজ করে, যার ফলে তারা নিজেদের সবসময় সঠিক প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন। এছাড়া শৈশবের কোনো অপ্রীতিকর অতীত অভিজ্ঞতা বা সমালোচনার ভয়ও অনেক সময় মানুষকে নিজের ভুল ঢাকতে বাধ্য করে।
তবে এমন আচরণ করলেই কাউকে সরাসরি খারাপ মানুষ বলা যায় না। অনেক সময় ভয়, লজ্জা বা আত্মমর্যাদা রক্ষার তাগিদেই তারা এমন পথ বেছে নেন। এই ধরনের ব্যক্তিদের সাথে অপ্রয়োজনীয় তর্কে না জড়িয়ে শান্ত থাকা ও পরিস্থিতি বুঝে চলা শ্রেয়। দিনশেষে, ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, বরং তা মানুষের ব্যক্তিত্বের পরিপক্বতা ও আত্মশুদ্ধির বড় সাহস প্রকাশ করে।