মঙ্গল থেকেই মহারঘ বিমান যাত্রা, ফুয়েল সারচার্জ বাড়ার ফলে পকেটে টান পড়তে চলেছে ইন্ডিগো যাত্রীদের

মঙ্গল থেকেই মহারঘ বিমান যাত্রা, ফুয়েল সারচার্জ বাড়ার ফলে পকেটে টান পড়তে চলেছে ইন্ডিগো যাত্রীদের

আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানি অর্থাৎ এভিয়েশন টারবাইন ফুয়েলের দর এক মাসে প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ফের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল ইন্ডিগো। উৎসবের মরসুমে এই নিয়ে দ্বিতীয় দফায় ফুয়েল সারচার্জ বৃদ্ধি করল সংস্থাটি। নতুন নির্দেশিকা অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় রুটেই নতুন টিকিটের ক্ষেত্রে এই বর্ধিত সারচার্জ প্রযোজ্য হবে। ঘরোয়া উড়ানে দূরত্ব অনুযায়ী ৩৭৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩০০ টাকা পর্যন্ত সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ৫০০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে নতুন সারচার্জ ৩৭৫ টাকা এবং ২০০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে তা ১৩০০ টাকা ধার্য করা হয়েছে, যার ফলে টিকিটের দাম প্রায় ১০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে।

একইভাবে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও গন্তব্যভেদে উল্লেখযোগ্য হারে সারচার্জ বৃদ্ধি করা হয়েছে। নতুন তালিকা অনুসারে দক্ষিণ-পূর্ব, উত্তর ও পূর্ব এশিয়ার ক্ষেত্রে এই সারচার্জ বাড়িয়ে ৫৫০০ টাকা করা হয়েছে। এছাড়া আফ্রিকা ও ইউরোপের দূরপাল্লার উড়ানগুলির ক্ষেত্রে সারচার্জ বেড়ে যথাক্রমে ৬০০০ টাকা এবং ১০০০০ টাকায় পৌঁছেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দরুন আন্তর্জাতিক বাজারে তেলের দামে চরম অস্থিরতা তৈরি হওয়াতেই বিমান সংস্থাটি এই পদক্ষেপে বাধ্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। হঠাতই সারচার্জ বৃদ্ধির এই সিদ্ধান্তে সাধারণ ও নিয়মিত বিমানযাত্রীদের ভ্রমণ ব্যয় অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *