সুপ্রিম কোর্টে বড় রদবদল! একঝটকায় বাড়ল বিচারপতির সংখ্যা, শূন্য রইল আর মাত্র একটি আসন

দেশের শীর্ষ আদালতে যুক্ত হলেন তিন নতুন বিচারপতি। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে সুনীতা আগরওয়াল, দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং অপরেশ কুমার সিংকে শপথবাক্য পাঠ করান। এর আগে তাঁরা যথাক্রমে গুজরাট, দিল্লি এবং তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন। কলেজিয়ামের সুপারিশ এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর এই তিন বিচারপতির যোগদানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি-সহ মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জনে, যেখানে অনুমোদিত পদ সংখ্যা ৩৮।
নতুন এই নিয়োগের ফলে শীর্ষ আদালতে নারী বিচারপতির সংখ্যা বেড়ে হল তিন। বিচারপতি সুনীতা আগরওয়াল এখন থেকে বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি ভি মোহনার সঙ্গে কাজ করবেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের পরিকাঠামো বৃদ্ধি পেয়ে দুটি নতুন এজলাস তৈরি হওয়ার পরপরই এই নিয়োগ হলো। তিন নতুন বিচারপতি এবার নিয়মিত রোস্টারে যোগ দেওয়ায় শীর্ষ আদালতে বিচারপতির ফাঁকা পদের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র একটিতে।