রাস্তায় ফুটপাথ দখলের দিন শেষ, গ্যালিফ স্ট্রিট মামলায় কলকাতা হাইকোর্টের চরম হুঁশিয়ারি!

কলকাতার ঐতিহ্যবাহী গ্যালিফ স্ট্রিটে অবৈধ পশুপাখি বিক্রি ও ফুটপাথ দখল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈধ লাইসেন্স ও নথিপত্র ছাড়া ফুটপাথে কোনো পশুপাখি বা জীবজন্তু বিক্রি করা যাবে না। শহরের পথচারীদের অধিকার হরণ করে রাস্তা ও ফুটপাথ হকারদের দখলে চলে যাওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করে আদালত মন্তব্য করে, “এইভাবে রাস্তায় হকারি করতে দেওয়া সম্ভব নয়।” একই সঙ্গে রাজ্য অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড ও কেন্দ্রীয় আইন মেনে প্রতি কুকুর-বিড়ালের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশও দিয়েছে বেঞ্চ।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীরা নিজেদের বৈধ প্রমাণ করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পেশ করবেন। তারা সন্তুষ্ট হলেই কেবল ব্যবসার অনুমতি মিলবে। এছাড়া, রাস্তার ধারে অবৈধ ঝুপড়ি ও বেআইনি বিদ্যুৎ সংযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সেদিন গ্যালিফ স্ট্রিটে ঠিক কারা ব্যবসা করার প্রকৃত অধিকারী, পুলিশকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তা নিশ্চিত করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।