৩ দিনের মধ্যে টাকা না পেলে নিজের দলের নেতাদেরই বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার বিজেপি বিধায়কের!

৩ দিনের মধ্যে টাকা না পেলে নিজের দলের নেতাদেরই বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার বিজেপি বিধায়কের!

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সঠিক সময়ে সাধারণ ও যোগ্য মহিলাদের হাতে না পৌঁছানো নিয়ে রাজ্যজুড়ে তীব্র সমালোচনা ও বিডিও অফিসগুলিতে বিক্ষোভের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার দলের স্থানীয় মণ্ডল সভাপতি, বুথ সভাপতি ও শক্তিপ্রমুখদের ওপর দায় চাপিয়ে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এক ভিডিওবার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, যেসব গরিব ও চাকরিহীন পরিবার এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, তাঁরা বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। হরিণঘাটা এলাকার কোন কোন মহিলা টাকা পাচ্ছেন না, তা স্থানীয় নেতাদের চিহ্নিত করে আগামী ৩ দিনের মধ্যে সমাধান করার নির্দেশ দিয়েছেন বিধায়ক।

অভিযোগের দ্রুত নিষ্পত্তি না হলে বঞ্চিত মহিলাদের সঙ্গে নিয়ে নিজ দলের মণ্ডল সভাপতি ও শক্তিপ্রমুখদের বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছেন অসীম সরকার। ভিডিওবার্তায় বিধায়ক তাঁর আপ্ত সহায়কের ফোন নম্বর দিয়ে ভুক্তভোগীদের সরাসরি যোগাযোগের পরামর্শ দিলে বিজেপির অন্দরেই জোর বিতর্ক ও অস্বস্তি তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতৃত্বের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হলেও অসীম সরকার নিজের কড়া অবস্থানে অনড় থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *