‘বিজেপিকে ধ্বংসের হুঙ্কার রাহুলের! সিইসি-র পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের তুলকালাম ধর্না

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে নজিরবিহীন বিক্ষোভ দেখাল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে প্রায় ৩০০ জন সাংসদ সংসদ ভবন থেকে ‘নির্বাচন সদন’ অভিমুখে মিছিল করেন। এলাকায় ১৬৩ ধারা জারি থাকায় পুলিশ মিছিলে বাধা দিলে আকাশবাণী ভবনের কাছেই ধর্নায় বসে পড়েন প্রবীণ নেতৃত্ব। এর আগে কংগ্রেস কর্মীরা নির্বাচন কমিশনের গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয়। নির্বাচন ভবনের মাত্র ৫০ গজ দূরে বিরোধীদের আটকে দেওয়ায় মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা।
কমিশনের মুখোমুখি হতে না পেরে সুর তীব্র করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, সিইসি জ্ঞানেশ কুমার নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দাবি করেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ ও মোহন ভাগবতের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশনার ভারতের গণতন্ত্রকে ধ্বংস ও ‘ভোট চুরি’ করছেন। সাংবিধানিক পদমর্যাদাকে ক্ষুণ্ণ করার এই ঘটনাকে ‘দেশদ্রোহিতা’ আখ্যা দিয়ে বিরোধী দলনেতা স্পষ্ট জানান, তাঁরা শুধুমাত্র বিজেপির বিরোধিতাই করবেন না, বরং গণতন্ত্র রক্ষায় শাসক দলকে সম্পূর্ণ ধ্বংস করে দেবেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।