পুজোর মুখে বদলে গেল আবহাওয়া! উত্তর থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

উৎসবের মুখেই বদলে গেল রাজ্যের মেজাজ! গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রাজ্যজুড়ে ফের আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বিগত কয়েকদিনের রোদেলা আকাশ ঢেকে এবার ঘনিয়ে আসছে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মহালয়া পর্যন্ত কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা বুধবার একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকার কারণে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি মাথায় রেখে হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর—এই ৯টি জেলাসহ আশেপাশের এলাকায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। আজ দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং কয়েক দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বাড়বে দুর্যোগ কেবল দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। পাহাড়ি ও সমতলের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতেও দিনভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মহালয়ার আগে পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় খুব একটা বড় উন্নতির সম্ভাবনা নেই। ফলে পুজোর কেনাকাটা ও প্রস্তুতির মাঝে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে বলেই মনে করা হচ্ছে।