গঙ্গায় প্রতিমা বিসর্জনে বড় বদল! ক্রেন ব্যবহারে নিষেধাজ্ঞা পুরসভার, নিয়মে ফিরছে ট্রলি

গঙ্গায় প্রতিমা বিসর্জনে বড় বদল! ক্রেন ব্যবহারে নিষেধাজ্ঞা পুরসভার, নিয়মে ফিরছে ট্রলি

এ বার দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে পুর কর্তৃপক্ষ। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের সময় আর ব্যবহার করা যাবে না ক্রেন। তার বদলে ট্রলিতে বসিয়ে প্রতিমা সাত পাক ঘুরিয়ে তবেই জলে বিসর্জন দিতে হবে। এই নতুন নির্দেশিকার ফলে এ বছর প্রতিমা বিসর্জন প্রক্রিয়ায় অনেকটাই বাড়তি সময় লেগে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিজয়া দশমী থেকে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত হুগলি নদীর প্রায় ১৮টি ঘাটে নিরঞ্জন পর্ব চলে। এর মধ্যে নিমতলা, বাজে কদমতলা, প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাট—এই ৪টি ঘাটেই কলকাতার সিংহভাগ বড় বারোয়ারি পুজোর বিসর্জন সম্পন্ন হয়। ব্যস্ততম এই ঘাটে এক একটিতে গড়ে প্রায় ২০০টি করে প্রতিমা আসে।

পুরসভার এক আধিকারিকের কথায়, বিসর্জনের সময় ক্রেন ব্যবহার করা গেলে খুব দ্রুত একাধিক প্রতিমা জলে নামানো সম্ভব হতো। কিন্তু নতুন নিয়মে ট্রলিতে ঘুরিয়ে বিসর্জন দিতে গেলে পুরো প্রক্রিয়ায় অনেকটা বেশি সময় নষ্ট হবে। তবে প্রতিমা নিরঞ্জনের পর নদী থেকে কাঠামোগুলি তুলে নেওয়ার ক্ষেত্রে ক্রেন ব্যবহারে কোনও বাধা থাকছে না। লক্ষ্মীপুজোর পরে ঘাট থেকে সমস্ত কাঠামো সরিয়ে ফেলার কাজ শুরু হবে, তবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কত দিন লাগবে—সে বিষয়ে পুরসভার তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *