সরকারি টাকায় মায়ের পুজো! ইতিহাস গড়ার পথে পাণ্ডুয়া থেকে শান্তিপুরের ৩০০ গৃহবধূ

রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সহায়তা কাজে লাগিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের গৃহবধূরা। গত জুন মাস থেকে প্রতি মাসে পাওয়া সরকারি অনুদানের টাকা জমিয়ে এবার প্রথমবারের মতো দুর্গোৎসবের আয়োজনে মেতে উঠেছেন হুগলি ও নদিয়ার কয়েকশো মহিলা। মহালয়ার প্রাক্কালে উৎসবের আনন্দে ভাসছে গ্রাম থেকে গ্রামান্তর।
হুগলির পাণ্ডুয়ার গোয়ারা গ্রামে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ৬০ জন গৃহবধূ একজোট হয়ে পুজোর বিহিত শুরু করেছেন। অন্যদিকে, নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকার মহিলা ও সপ্তগ্রাম বিধানসভার পোলবা-দাদপুর ব্লকের দক্ষিণপাড়ার মহিলারাও একই পথে হেঁটেছেন। বিশেষ করে দক্ষিণপাড়ায় গ্রামের প্রায় ৩০০ জন মহিলা নিজেদের ভাতার টাকা জমিয়ে যৌথভাবে এই পুজোর উদ্যোগ নেন।
বৃহস্পতিবার দক্ষিণপাড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষ নারীদের এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। আয়োজকরা জানিয়েছেন, শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই মণ্ডপের শুভ উদ্বোধন করবেন।
নিজের পায়ে দাঁড়িয়ে অন্নপূর্ণার প্রাপ্তি দিয়ে মা দুর্গার আবাহন করতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় মহিলারা। এই অভূতপূর্ব উদ্যোগের সফল রূপায়ণে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।