দশমীতে রক্তে ভিজল মালদা! বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, উত্তপ্ত ইংরেজবাজার

বিজয়া দশমীর আনন্দের মাঝেই লোমহর্ষক হত্যাকাণ্ডে কেঁপে উঠল মালদার ইংরেজবাজার। জেলার রামকেলি এলাকায় বাড়িতে ঢুকে সমীর ঘোষ (৩৫) নামের এক বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে শাসকদলের সমর্থকরাই বাড়িতে চড়াও হয়ে এই হামলা চালিয়েছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের সংঘর্ষে ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চরম থমথমে ভাব বজায় রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাছের ব্যবসা এবং রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে এখনও কোনো কারণ স্পষ্ট করেনি প্রশাসন। অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হচ্ছে।