‘অন্তত একটা কফি খাও!’ স্বরূপের সঙ্গে কোলাকুলি, সাক্ষাৎ নিয়ে মুখ খুলে কী বললেন বিজেপির সুমন?

কলকাতা: দরজায় কড়া নাড়ছে পুরভোট। তার ঠিক আগে নিউ আলিপুরের একটি ক্যাফেতে দুই প্রতিপক্ষ দলের দুই নেতার আকস্মিক সাক্ষাতকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। প্রকাশ্যে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করার পর তাঁর পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করছেন বিজেপি নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে বিজয়ার কোলাকুলিতে লিপ্ত হন তাঁরা। আসন্ন নির্বাচনের প্রাক্কালে দুই নেতার এই প্রীতিপূর্ণ আলাপচারিতা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জল্পনা উসকে দিয়েছে।
এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হওয়ার পর অবশেষে মুখ খুলেছেন বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়। সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন, পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে কেন বারবার রাজনীতিকে টেনে আনা হবে? তিনি স্পষ্ট জানান, স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পেশাগত ও পরিচিতির সম্পর্ক রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধিতা যেমন অতীতে ছিল, তেমনই থাকবে; কিন্তু তার বাইরেও একটি মানবিক সম্পর্ক ও সৌজন্যবোধ থাকতে পারে। বিজয়ার এই সাক্ষাতে কেবল সৌজন্যমূলক একটি কফি খাওয়ার কথাই হয়েছিল বলে দাবি করেছেন তিনি।