চুক্তিভিত্তিক গ্রুপ ডি নিয়োগেও বড় দুর্নীতি, তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। বিগত সরকারের আমলে হওয়া এসব নিয়োগে সঠিক নিয়ম মানা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে নির্দিষ্ট ছকে আগামী ৬ নভেম্বরের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সেচ দপ্তরের গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিষয়টি সামনে রেখেই এই পদক্ষেপে জোর দেওয়া হয়েছে, যেখানে ২০১১ সালের সরকারি নির্দেশিকার বিভিন্ন ধারা যথাযথভাবে মানা হয়েছিল কি না তা যাচাই করা হবে।
পূর্বতন সরকারের আমলে বিভিন্ন দপ্তরে নিয়োগ দুর্নীতি নিয়ে ওঠা অভিযোগের মাঝেই এই পদক্ষেপে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অল বেঙ্গল কন্ট্রাকচুয়াল এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের মুখ্য পরামর্শদাতা মনোজ চক্রবর্তী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করার জোরালো দাবি জানিয়েছেন। প্রশাসনের শীর্ষ কর্তারা মনে করছেন, এই তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিয়োগ সংক্রান্ত বহু অজানা তথ্য প্রকাশ্যে আসবে।