বদ্রীনাথের মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া, হিমবাহ ভাঙার আশঙ্কায় কাঁপছে দেবভূমি

হিমালয়ের কোলে অবস্থিত পবিত্র তীর্থক্ষেত্র বদ্রীনাথ ধামকে ঘিরে ঘনিয়ে এসেছে এক বিরাট প্রাকৃতিক বিপদ। সম্প্রতি প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণায় বদ্রীনাথ শহর ও তার আশপাশের এলাকা নিয়ে অত্যন্ত উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গবেষকদের সতর্কবার্তা অনুযায়ী, হিমালয়ের পাহাড়ে ঝুলে থাকা বিপজ্জনক হিমবাহ থেকে যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে ভয়াবহ বরফধস। যার জেরে ধ্বংস হয়ে যেতে পারে কয়েকশো বাড়ি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো।
গবেষণায় চিহ্নিত তিনটি সংবেদনশীল জায়গার মধ্যে একটি পয়েন্টকে সবচেয়ে বেশি বিপজ্জনক বলে ঘোষণা করেছেন বিজ্ঞানীরা। এই পয়েন্ট থেকে বরফধসের গতিশীলতা বৃদ্ধি পেলে তার সরাসরি কোপ পড়তে পারে প্রায় ৩৯৮টি বসতবাড়ির ওপর। এর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে আড়াই কিলোমিটারের বেশি রাস্তা, কৃষিজমি এবং বনভূমি। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটায় বড় ধরনের বিপর্যয় এড়াতে আগাম সতর্কতা ও জোরদার নিরাপত্তার ব্যবস্থার পরামর্শ দিয়েছেন গবেষকরা।